লক্ষ্মীপুরে সালিশের মধ্যে ২ পক্ষের গোলাগুলিতে পথচারী আহত, আটক ৭

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্থানীয় একটি সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে আটক করেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বিএনপির কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পথচারী আব্দুর রহিমকে (৫৫) প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার বিরোধ হয়। এ নিয়ে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় পথচারী আব্দুর রহিম (৫৫) গুলিবিদ্ধ হয় ও সাইফুল ইসলাম মানিককে (১৯) পিটিয়ে আহত করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ ডেইলি স্টারকে বলেন, 'আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।'

ওসি মোরশেদ আলম বলেন, 'গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না।'

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক ডেইলি স্টারকে বলেন, 'এলাকার উঠতি বয়সী তরুণদের দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ নিরসনে আয়োজিত সালিশ বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে গুলির ঘটনা ঘটেছে। এক পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।'

আটক ৭ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।