বাগেরহাটে ঘরে ঢুকে কলেজশিক্ষার্থীকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে ঘরে ঢুকে এক কলেজশিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আমির হামজা (২৩) খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় বাড়ির উঠানে হামজার বাবা ও চাচা কথা বলছিলেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরা ৬ জন ৩টি মোটরসাইকেলে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামজা প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তার মাথায় গুলি করে এলাকা ত্যাগ করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, 'হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।'

জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।