যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার: র্যাব
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৪ এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তি জানিয়েছেন, গ্রেপ্তার দুইজন শুটার। তারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।
তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়েছে, র্যাব সদরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।
গত বছরের ১৭ নভেম্বর পল্লবীতে একটি দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।
এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করেন। তারা কিবরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়েন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
