প্রাইভেটকারে চোখ-হাত বাঁধা অবস্থায় একজনকে উদ্ধার করল পুলিশ
গাজীপুরের কাশিমপুরে প্রাইভেটকারের ভেতর থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় একজনকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সারদাগঞ্জ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার মো. মতিন কাশিমপুর উপজেলার বাগবাড়ী এলাকার বাসিন্দা।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘অন্য একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানের সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনজন গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।'
কাশিমপুর থানার পরিদর্শক তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর ভাষ্যমতে শুক্রবার সকালে পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নেয়। সারদাগঞ্জের সারাবো এলাকায় নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থের জন্য মতিনের শ্যালিকার মোবাইল নম্বরে ফোন করে। মুখে মাস্ক থাকায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি ভুক্তভোগী।
‘এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে,’ বলেন তরিকুল ইসলাম।