গাজীপুরে ৩৩৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার, পাম্প মালিক-ব্যবস্থাপকের কারাদণ্ড
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করা ৩৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পাম্পটির মালিক ও ব্যবস্থাপককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও পুলিশের সহায়তায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালত মালিক ও ম্যানেজারকে এক মাস করে কারাদণ্ড দেন।’
করিম আরও বলেন, ‘সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে “তেল সরবরাহ দেওয়া যাচ্ছে না” লেখা নোটিশ টানানো থাকলেও প্রশাসনের কাছে গোপন তথ্য ছিল, সেখানে তেল মজুত রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।’
উদ্ধার করা ৩৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে, জানান তিনি।
এদিকে রাতেই শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের কাছে স্টারলিং ফিলিং স্টেশনে পেট্রোল বা অকটেন না পাওয়ার অভিযোগ তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন মোটরসাইকেল চালকেরা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাত আনুমানিক ৯টার দিকে এ অবরোধ হয়েছিল। পরবর্তীতে পুলিশ ফিলিং স্টেশনে গিয়ে নিশ্চিত হয়, সেখানে প্রকৃতপক্ষে কোনো পেট্রোল বা অকটেন মজুত নেই। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মোটরসাইকেল চালকেরা অবরোধ তুলে নেন।
‘বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে,’ বলেন তিনি।