ফরিদপুরে ‘বিধবা কার্ড-ফ্যামিলি কার্ড দেওয়ার’ কথা বলে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে বিধবা কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে (৪৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গে‌ছে।

আজ বুধবার ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই নারী গতকাল মঙ্গলবার ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার সুজন শেখের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

এজাহারে বলা হয়, ফ্যামিলি কার্ড ও বিধবা কার্ডের কথা বলে অভিযুক্ত সুজন গত ২ এপ্রিল ওই নারীকে বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন।

ওই নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ওসি।

ওসি শহীদুল আরও বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তা‌রে পু‌লিশের অভিযান অব্যাহত আছে।’