খুলনায় ‘নিজের গুলিতে’ পুলিশ সদস্যের মৃত্যু
খুলনা রেলওয়ে জেলা পুলিশ লাইনসে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ দেখা যায়, সম্রাট বিশ্বাস নামের ওই পুলিশ কনস্টেবল নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি পুলিশে যোগ দেন ২০১৮ সালে। পরে গত বছরের নভেম্বরে খুলনা রেলওয়ে জেলায় নিযুক্ত হন।
কী কারণে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন এখন পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সোনাডাঙ্গায় রেলওয়ে পুলিশের ব্যারাকে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে আমাদের একজন কনস্টেবল নিজের গুলিতে মারা গেছেন। আমরা তাকে ভালো পুলিশ সদস্য হিসেবে পেয়েছিলাম।’
‘আমরা আরও খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, তবে গঠন করা হবে’, বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য সম্রাট বিশ্বাসের মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’