ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য ও দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার সময় তিনিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল বিকেলে টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যকার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়।
আজ সকাল থেকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওসি আরিফুরসহ চার পুলিশ সদস্য ও দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হন।
আজ সন্ধ্যায় ওসি আরিফুর ডেইলি স্টারকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না আসায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’