নরসিংদী

চাঁদার দাবিতে পোশাক কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

নরসিংদীর মাধবদীতে নির্মাণাধীন পোশাক কারখানায় চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের ঘটনা ঘটেছে।

অভিযুক্ত কামরুল হক রোমান মাধবদী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

আজ সোমবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উল্লেখ করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় ‘ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড’ নামের পোশাক কারখানা কর্তৃপক্ষ। 

কারখানাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জাকির হোসেন লিখিত বক্তব্যে জানান, নরসিংদীর মাধবদী থানার কান্দাপাড়া এলাকায় নির্মাণাধীন কারখানাটিতে বেশ কয়েকদিন ধরেই ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কিছু দুর্বৃত্ত।

তিনি আরও জানান, গত ১৪ এপ্রিল দুপুরে কামরুল হক রোমানের নেতৃত্বে একটি দল নির্মাণাধীন কারখানাটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কারখানায় কর্মরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইনচার্জসহ বেশ কয়েকজন আহত হন। সাইট অফিসে রাখা সাড়ে ৭ লাখ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

ঘটনার পর মাধবদী থানায় লিখিত অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কামরুল হক রোমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার দিন কারখানায় ১০০ লিটার তেল মজুত করা হয়েছে এমন খবরে স্থানীয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। খবর পেয়ে আমি থামাতে গিয়ে দুই গ্রুপের লোকজনকে চড়-থাপ্পড় দেই।’

‘চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিগত দিনে আমি কারখানাটির দেখাশোনা করেছি। সে হিসেবে তাদের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও কেন এমন অভিযোগ তোলা হচ্ছে, জানি না,’ বলেন রোমান। 

বর্তমানে ছাত্রদলের কমিটিতে কোনো পদবি না থাকলেও বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলেও জানান রোমান।

যোগাযোগ করলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’