২ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

স্টার অনলাইন রিপোর্ট

জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি পৃথক হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে কেন আইভীকে এসব মামলায় স্থায়ী জামিন দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়ে আদালত দুটি পৃথক রুল জারি করেছেন।

দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ ও রুল জারি করেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মন্ডল ও আবদুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করা হয়েছিল।

গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট অন্য পাঁচটি মামলায় আইভীকে জামিন দেওয়া হয়। এরপরই তাকে এই দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি আজ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আইভীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

জামিন আবেদনের শুনানির সময় আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জামিন আবেদনের বিরোধিতা করেন।

এর আগে গত ২৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ১০টি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা ১০টি আবেদনের ওপর আদেশের জন্য ৩ মে তারিখ নির্ধারণ করেন।

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত বছরের ৯ মে আইভিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আরও নয়টি ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

একই বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে ১০টি মামলাতেই জামিন দিয়েছিলেন।

হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাষ্ট্রপক্ষের হয়ে আপিল বিভাগে ১০টি পৃথক আবেদন জমা দেয়।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ গত বছরের ১২ নভেম্বর এবং চলতি বছরের ৫ মার্চ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন এবং বিস্তারিত শুনানির জন্য আবেদনগুলো পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।