টেকনাফে রোহিঙ্গা ‘ডাকাত’কে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা ‘ডাকাত’কে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত নুর হাসান (৩২) লেদা ক্যাম্পের ব্লক সি-২ এর বাসিন্দা ছিলেন। ক্যাম্পে তিনি ‘বাইন্না ডাকাত’ নামে পরিচিত ছিলেন।

ওই ক্যাম্পেই গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে পেটানোর ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুর হাসানের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, ‘এটি গণপিটুনির ঘটনা। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।’

ক্যাম্পের নেতাদের বরাতে পুলিশ জানায়, গতকাল ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুই সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। নুর হাসান ওই গ্রুপগুলোর একটির সদস্য ছিলেন। সংঘর্ষের পর সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় কয়েকজন তাকে আটক করে পেটায়।

রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ক্যাম্পের ভেতরে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

ওসি সাইফুল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।