ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
ফরিদপুরের নগরকান্দায় গুজব ছড়িয়ে মো. হান্নান শেখ (৩০) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
হান্নানের বাবা মো. শাহিদ শেখ বাদী হয়ে গত রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার অনুসারে, ১ মে রাত ৮টার দিকে হান্নান ট্রাক নিয়ে তালমা বাজারে যাচ্ছিলেন। পথে সালথা উপজেলার রসুলপুর বাজারে ব্যাটারিচালিত একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে হান্নান ট্রাক চালিয়ে চলে যান।
সে সময় অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী ট্রাকের পেছন ধাওয়া করেন এবং ফেসবুক লাইভে এসে ট্রাক থামাতে এগিয়ে আসার আহ্বান জানান। লাইভে গুজব ছড়ানো হয়, ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে ২০-৩০ জন মানুষকে মেরে ফেলেছে, উল্লেখ করা হয়েছে এজাহারে।
এতে আরও বলা হয়, রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দক্ষিণ বিলনালিয়া নতুন হাট এলাকায় ‘মুন্সী ষ্টোর নামে’ একটি দোকানের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের গাছের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় অজ্ঞাতনামা ১০০-১৫০ জন ট্রাকটিকে ধাওয়া করছিল। তারা হান্নান, তার সহযোগী আল আমিন মোল্লা (৩২) ও নাঈম শেখকে (২৬) ট্রাক থেকে নামিয়ে লাঠি, লোহার রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে পুলিশ গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী আজাদ
বলেন, ‘গুজব রটনাকারী মোটরসাইকেল আরোহী ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। আশা করছি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’