ক্যাম্পে গোলাগুলি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ‘কমান্ডার’ নিহত
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে গোলাগুলিতে এক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ‘কমান্ডার’ নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৭ এর মধ্যবর্তী তারজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন কেফায়েত উল্লাহ হালিম (৪৫)। তিনি এআরও গ্রুপের নেতা ছিলেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন বলেন, ‘ক্যাম্প-৮ ইস্ট থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে নিজেদের আশ্রয়কেন্দ্রে ফিরছিলেন। এ সময় এ/৩২ পয়েন্টের কাছে অজ্ঞাত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গোলাগুলির পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘স্থানীয়দের সহায়তায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি মোবাইল টিম হালিমসহ আহত মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় হালিম মারা যান। আহত বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ক্যাম্পে পুলিশি অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা নেতা বলেন, হালিম আগে আরসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে প্রায় দেড় বছর আগে তিনি দলটি ছেড়ে নিজস্ব একটি গ্রুপ গঠন করেন। পরে সেটি বিলুপ্ত করে এআরও নামে নতুন গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। সদস্য সংগ্রহকে কেন্দ্র করে সম্প্রতি হালিম ও আরসার মধ্যে উত্তেজনা বেড়েছিল।