মাদক মামলার আসামিকে ছাড়াতে তদবির: বিএনপি-জামায়াতের ৫ কর্মী আটক
কুষ্টিয়ার মিরপুরে ইয়াবাসহ ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী।
গতকাল শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী এনামুল হক এবং একই ইউনিয়নের জামায়াত সমর্থক হিসেবে পরিচিত সুজন আলী, আলাউদ্দীন, শফিকুল ও সাইদুল।
মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওদা আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম নামের এক যুবককে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। রবিউল ওই এলাকার মো. রমজানের ছেলে। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিউলকে আটকের খবর পেয়ে রাত ১০টার দিকে ইউপি সদস্য এনামুল হকের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা রবিউলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নিষেধ করার পরও তারা বারবার ওই মাদক মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।