গলা কাটা অবস্থায় নিজ দোকানে পড়েছিলেন ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জ শহরে এক ব্যবসায়ীকে‌ গলাকাটা অবস্থায় নিজ দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।

গুরুতর আহত আজিমুল ইসলাম আজিমকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের ওই ব্যবসায়ীর গলা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে কীভাবে এ ঘটনা ঘটল তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

আহত ব্যবসায়ী আজিমুল শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা এবং ওই মার্কেটের শীতল ফ্যাশনের মালিক। ‌

ওসি রাকিবুল ইসলাম বলেন, 'কীভাবে ঘটনাটি ঘটল, তা তদন্ত ছাড়া সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।'

স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ব্যবসায়ী দোকানে যান। তারপরে কী হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

ওসি বলেন, 'পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা এবং দোষীদের বিষয়ে জানা যাবে। এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।'