হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার বিকেলে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল শিশুটি বাড়ির পাশে দোকানে যাচ্ছিল। পথে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। চিৎকার শুনে স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ওই শিশুর পরিবার জানায়, লোকলজ্জা ও ভয়ের কারণে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। তারা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার খবর পাওয়ার পর শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।