চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রী থেকে প্রায় সোয়া ২ কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা।
আজ সোমবার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মীরসরাই উপজেলার বাসিন্দা মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সদস্যরা কাস্টমস হলের গ্রিন চ্যানেল দিয়ে লাগেজসহ বের হওয়ার সময় তাকে আটক করেন।
তল্লাশির সময় শহিদুলের কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও গলানো স্বর্ণ উদ্ধার করা হয়।
ইব্রাহিম খলিল আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। এগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলার প্রক্রিয়া চলছে।