রাষ্ট্রপতি নির্বাচন: লিভ টু আপিল খারিজ, আবেদনকারীকে দিতে হবে ১ লাখ টাকা

স্টার অনলাইন রিপোর্ট

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করেছেন আদালত। একইসঙ্গে আবেদনকারী আইনজীবী এমএ আজিজ খানকে খরচা বাবদ ১ লাখ টাকা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

তবে পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ না হওয়ায় আদেশের বিস্তারিত এখনো জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে এমএ আজিজ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আপিল বিভাগ কেন ১ লাখ টাকা খরচা দিতে বলেছেন, আমি তা জানি না।'

'সুপ্রিম কোর্টের আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আমি এ বিষয়ে পরবর্তী উদ্যোগ নেব', বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।