চাঁপাইনবাবগঞ্জের যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা-ঢুলঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুরুল হুদা (৪০) উপজেলার নামো সুন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়ের আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, দুরুল হুদা সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজ বাড়ি থেকে নয়ালাভাঙ্গা বাজার যাচ্ছিল। নয়ালাভাঙ্গা-ঢুলঢুলিপাড়া গ্রামে পৌঁছালে ৮-১০ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে দুরুল হুদা মারা যান।

পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ওসি জানান।