মাগুরায় ধর্ষণ: শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টার অনলাইন রিপোর্ট

মাগুরায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার সকালে সিএমএইচে শিশুটির খোঁজখবর দিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

এর আগে ঘটনার দিন ৬ মার্চ দুপুরে বিষয়টি জানতে পরে শিশুটির মাকে কল করে সার্বিক খোঁজখবর নেন ও সরকারের পক্ষ থেকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসা দিতে সিএমএইচে আনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এই মামলায় চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।'

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছি।'

তিনি আরও বলেন, 'নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।'