ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় জামায়াত নেতা জখম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নুর আলম মুন্সী (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে তার ওপর হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হেলমেট পরে ছিল। তারা একাধিক মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে এবং
কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে নুর আলম মুন্সীকে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নুর আলম আজিমনগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। তার বাবা ইলিয়াস মুন্সী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলার রোকন সদস্য।
নুর আলম বলেন, আমি জামায়াত ইসলামীর ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথে মোবাইল ফোনে একটি কল এলে আমি মোটরসাইকেল সড়কের পাশে দাঁড় করিয়ে কথা বলছিলাম। সময় আমার ওপর হামলা হয়।
'তারা সবাই হেলমেট পরে থাকায় আমি কাউকে চিনতে পারিনি,' বলেন তিনি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, 'দুপুরে শরীরে আঘাতের ক্ষত নিয়ে এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।'
জামায়াতের ভাঙ্গা পৌর আমির মো. এনায়েত হোসেন বলেন, 'আমরা এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।'
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, 'হামলার ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'