সংসদে নারী প্রতিনিধিত্ব কম কেন, ইসির কাছে জানতে চাইল ইউএন উইমেন

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা কম থাকার ব্যাখ্যা জানতে চেয়েছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন।

আজ রোববার দুপুরে ইউএন উইমেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘যে নির্বাচনটা হয়ে গেল, সেটা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। নির্বাচনে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ আরও কীভাবে বাড়ানো যায়, তারা সেটা জানতে চেয়েছেন।’

ইসি সচিব আরও বলেন, ‘আমরা বলেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। কিন্তু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আরও প্রার্থী ছিলেন। এখন প্রার্থীকে ভোট পেয়ে জয়ী হয়ে আসতে হবে।’

‘আমরা জানিয়েছি, ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৭ জন আর সংরক্ষিত আসনের ৫০ জনসহ মোট ৫৭ জন নারী সংসদ সদস্য আছেন। স্থানীয় সরকারের নির্বাচনে এই মাত্রাটা আরও বাড়বে বলে আমরা আশা করি,’ বলেন আখতার আহমেদ।

ভোটার তালিকায় নারী-পুরুষের পার্থক্য কমানোর বিষয়টিও ইউএন উইমেনকে জানানো হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘ভোটার তালিকায় নারী-পুরুষের গ্যাপ প্রায় ৩ মিলিয়ন ছিল। এটা কমিয়ে ১ দশমিক ৮ মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমাতে চেষ্টা করছি।’

un
ইউএন উইমেন প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারো ভোট বাক্স ছিনতাই হয়নি- এগুলোও জানানো হয়েছে বলে জানান ইসি সচিব।

ইউএন উইমেন কোনো পরামর্শ দিয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘তারা আমাদের সঙ্গে জেন্ডার নিয়ে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে তারা জানিয়েছেন।’

ইউএন উইমেনের প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টিন আরব, রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ‎নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার ‎তপাটি সাহা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইসি সচিব আখতার আহমেদ ও ইসি তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন।