সেনাবাহিনীর উচ্চ পদে রদবদল

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।

পদগুলোর মধ্যে আছে চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের চিফ অব জেনারেল স্টাফ লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে।

বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনা সদর থেকে ডিজিএফআই সদর দপ্তরে পাঠানো হচ্ছে। 

ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।