নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে নিহত ৪
নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খলিল মোল্লা, তার ছেলে তাহাজ্জুদ মোল্লা, প্রতিবেশী ফেরদৌস শেখ ও ওসিকুর ফকির। তারা সবাই বড়কুলা গ্রামের বাসিন্দা।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু দ্য ডেইলি স্টারকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিল মোল্লা ও খায়ের মোল্লার নেতৃত্বে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত ছিল।
অভিযোগ রয়েছে, খায়ের মোল্লার পক্ষের লোকজন আজ সকালে হঠাৎ হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়।
পুলিশের এই পরিদর্শক বলেন, এক পক্ষের তিনজন ঘটনাস্থলেই মারা যান। প্রতিদ্বন্দ্বী পক্ষের ওসিকুর ফকিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।