প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপা‌ন সফরের আমন্ত্রণ

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে জাপান।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণ পৌঁছে দেন।

সাক্ষাৎকারে তারা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থনের বিষয়ে আলোচনা করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে জাপানে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তথ্যের সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ তৈরির প্রস্তাব দেন। এটি জাপানি নিয়োগকর্তাদের জন্য দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজতর করবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে জাপানি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর জাপানের দ্রুত স্বীকৃতির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।