প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর নজিরবিহীন হামলা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে আয়োজিত ‘আলো’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় ডিবি পুলিশকে আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, আমরা লজ্জিত। এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গেছে যে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন খুশি আক্রমণ করা যায়। এই দেশের যারা বলতে গেলে প্রগতির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি; তাদের একটা রমরমা ভাব ছিল—এই মেসেজটা সারা পৃথিবীতে গেছে। এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে তার একটা উল্টো মেসেজ দেবো।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের যে ইশতেহার, সেখানে বলেছি—আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা একটি সভ্য সমাজের পরিপন্থী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার কারণে আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে ও বিদেশে কথা শুনতে হয়েছে। আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না।

প্রথম আলো ও ডেইলি স্টার ধ্বংসস্তূপ থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে বিকেলে ডেইলি স্টারের অগ্নিদগ্ধ ভবন ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।