কাপাসিয়ায় আ. লীগ কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ ব্যানার
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতের কোনো এক সময়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঠিক সামনে ব্যানারটি টাঙানো হয়েছে। সকালে পথচারীরা এটি লক্ষ্য করেন।
ব্যানারের মূল অংশে লেখা ছিল—দীর্ঘ ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন।
ডিজিটাল ব্যানারের ডান পাশে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও সজীব ওয়াজেদ জয়ের ছবি।
ব্যানারের নিচের দিকে বাংলাদেশ ছাত্রলীগের কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজার নাম রয়েছে।
দলীয় কার্যালয় সংলগ্ন আব্দুল্লাহ স্টোরের মালিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তবে দোকানের সামনে থাকা ভ্যানচালক শরীফুল ইসলাম বলেন, সকালে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার লাগানো। সেখানে বড় করে বঙ্গবন্ধুর ছবি ছিল।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যানার টাঙানোর খবর আমরা পেয়েছি। সম্ভবত রাতের অন্ধকারে পুলিশের অগোচরে কেউ এটি লাগিয়েছিল। রাতে আমি ওই এলাকায় টহলে ছিলাম, তখন কিছু চোখে পড়েনি।
তিনি আরও যোগ করেন, খবর পাওয়ার পর সকালে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু তখন আর সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। সম্ভবত কেউ সরিয়ে ফেলেছে।