আশুলিয়া মহাসড়কে হকার উচ্ছেদ শুরু
ঢাকার সাভারের আশুলিয়া মহাসড়কের পাশে হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার সকাল ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ অভিযান শুরু হয়।
উপজেলা প্রশাসন বলছে, ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে হকার উচ্ছেদের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পল্লীবিদ্যুৎ এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদে মহাসড়ক দুটিতে যানবাহনের চাপ থাকে। মহাসড়কের পাশে এসব অবৈধ দোকানের কারণে যানজট সৃষ্টি হয়।’
‘ঈদে যানজট নিরসনে সাভার উপজেলার ৬টি স্পটে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সেই অভিযানের অংশ হিসেবে আজ নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী এ অভিযান চলবে,’ বলেন তিনি।
তবে পল্লীবিদ্যুৎ এলাকার হকারদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়া অভিযান শুরু হওয়ায় ব্যবসাসামগ্রী নিয়ে বিপাকে পড়েছেন তারা।
দ্য ডেইলি স্টারকে ওই এলাকার হকার মো. মামুন বলেন, ‘হঠাৎ করে আজ সকালে এসে বলছে দোকান সরিয়ে নিতে। না হলে ভাঙচুর করা হবে। আগে থেকে জানালে আমরা কাঁচামাল আনতাম না। আমরা এখন ক্ষতির মুখে পড়লাম।’
হকার তৌহিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। এটা অমানবিক। আমরা শতশত হকার পরিবার-পরিজন নিয়ে ঈদের আগে বিপাকে পরলাম। আমাদের ঈদের আনন্দ মাটি হবে। বিকল্প কোথাও বসার ব্যবস্থা করে উচ্ছেদ করলে আমাদের সমস্যা হতো না। নোটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘নোটিশ দিয়ে অভিযান চালালে হকাররা এক হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এ কারণে তাদের নোটিশ দেওয়া হয়নি।’