রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো মেশিনচালিত ভুটভুটির সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের চণ্ডীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৫), অটোরিকশার যাত্রী বিধান দাস (৫৫) ও রোকেয়া বেগম (৯০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বাঘার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান, অটোরিকশার দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এই ঘটনায় শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগম (৫০) নামে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়েছিল, যার ফলে যানবাহন দুটির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ওসি সিরাজুল বলেন, মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুটি যানবাহনই জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।