ডিসি সম্মেলন ৩-৬ মে
আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত স্মারক সব সচিব, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে পাঠানো হয়েছে। এতে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্মারকে জানানো হয়, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা ডিসি ও বিভাগীয় কমিশনারদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি ও অগ্রাধিকারমূলক কাজগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।
এরইমধ্যে সম্মেলনের প্রাক-প্রস্তুতি ও খসড়া কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।