সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জামায়াত-এনসিপির ওয়াক আউট

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরুর পর ওয়াক আউট করেছে বিরোধীদল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা।

আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তারা। 

এর আগে রাষ্ট্রপতি ভাষণ দিতে পোডিয়ামে দাঁড়ানোর আগেই প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান বিরোধী এমপিরা। প্ল্যাকার্ডে লেখা ছিল- জুলাইয়ের সাথে গাদ্দারি জনগণ সইবে না। উই রিজেক্ট বিট্রেয়াল অব জুলাই। সেই সঙ্গে তারা স্লোগান দেন, ফ্যাসিবাদ গণতন্ত্র একসঙ্গে চলবে না।

বেরিয়ে এসে জামায়াত আমির শফিকুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা সরকারি দলকে অনুরোধ জানিয়েছিলাম, স্পিকারকে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে না দেওয়া হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেননি। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি।’

শফিকুর রহমান
অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

তিনি বলেন, ‘আগামীতে আমরা এই সংসদে কোনো অন্যায় বরদাস্ত করব না। আমরা জনগণের পক্ষে লড়াই করে যাব।’

জামায়াত দেশবাসীর অধিকারের পক্ষে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের রায়ের প্রতি আমাদের সম্মান আছে। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে।’

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি। প্রত্যাখ্যান করেছি।’

শফিকুর রহমান জানান, পরবর্তীতে অধিবেশনে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেবেন। 

তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের সংসদ। আমরা তাদের প্রতিনিধি হিসেবে অবশ্যই সংসদে যাব।’