মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার বিকেলে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এরপর তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
তারেক রহমান কিছুক্ষণ আব্বাসের হাসপাতালের শয্যার পাশে অবস্থান করেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম বলেন, আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় হাসপাতালে ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
গত বুধবার ইফতারের সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আব্বাসকে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নিয়মিত তার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন।
তিনি বলেন, সিনিয়র নিউরোলজিস্টদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হবে। এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।