জ্বালানি সংকটে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ
জ্বালানি তেল সংকটে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকেরা।
আজ রোববার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাঙ্গামাটি জেলা শহরের সাথে জেলার পাঁচটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ পথে যোগাযোগের একমাত্র মাধ্যমে কাঠের তৈরি দোতলা লঞ্চ ও স্পিডবোট। লঞ্চে যাতায়াতে বেশি সময়ের প্রয়োজন হওয়ায় অধিকাংশ যাত্রী স্পিডবোটে বেশি চলাচল করে থাকেন।
অমর বিকাশ নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বাঘাইছড়ি যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম। সকালে মারিশ্যা পিকআপে টিকিট পাইনি। তাই দুপুরে স্পিডবোটে করে যাওয়ার জন্য ফিশারি ঘাটে গিয়ে শুনি বোট বন্ধ। তাই আজ আর যেতে পারলাম না।’
রাঙ্গামাটি ফিশারি ঘাটের স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা গতকাল শনিবার থেকে তেল পাচ্ছি না। তাই আজ রোববার সকাল থেকে কোনো বোট চালানো যাচ্ছে না। বিষয়টি আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি।’
‘জেলা প্রশাসন থেকে বনরুপা ফিলিং স্টেশনে স্পিডবোটের জন্য তেল বরাদ্দ রাখতে বলা হয়েছে। তেল আসা সাপেক্ষে সোমবার থেকে ২০০ লিটার তেল দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিং স্টেশন। তেল পেলে অন্তত ৫টি বোট চলাচল করতে পারবে,’ বলেন মহিউদ্দিন।
স্পিডবোট বন্ধ থাকলেও হ্রদে সচল রয়েছে যাত্রীবাহী লঞ্চগুলো।
রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, ‘আমাদের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। তবে পাম্পগুলো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। আগামী ২-৩ দিন চালানোর মতো তেল সংরক্ষণ করে রাখা আছে আমাদের।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। লঞ্চ ও স্পিডবোটগুলো যেন চলাচল করতে পারে সে জন্য ফিলিং স্টেশনে তেল বরাদ্দ রাখার জন্য বলে দেওয়া হয়েছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি।’