ঝড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা থেকে ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছিল দুটি ফেরি।
‘এছাড়া পাটুরিয়া প্রান্তে ছয়টি ও দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে রাখা হয়। পরে আবহাওয়া অনুকূলে এলে পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়,’ বলেন তিনি।
এক ঘণ্টা ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলে জানান তিনি।