সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। 

কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে আসছেন কি না, তা যাচাই করতে তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তর ঘুরে দেখেন বলে জানান কর্মকর্তারা।

আজ রোববার সকাল ৯টা ৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং এরপর বিভিন্ন বিভাগে ঘুরে দেখেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেন।

তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। নির্ধারিত অফিস সময় অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত আছেন কি না, তাও তিনি যাচাই করেন।

এরপর তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে ফার্মারস কার্ড সম্পর্কিত একটি পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নেন।