নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নীরব (২৬) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আবদুল গণি মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে স’মিল শ্রমিক নীরব সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর ডেইলি স্টারকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে নীরব নিহত হন। তিনি একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

‘এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে,’ যোগ করেন তিনি।