রাজশাহী

সরকারি কাগজ দেখিয়ে ব্যক্তিগত কাজে তেল নেওয়ার অভিযোগ ৪ ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীতে ফায়ার সার্ভিসের চার সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রয়োজনে সরকারি রিকুইজিশন দেখিয়ে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেই জ্বালানি ফিলিং স্টেশনে ফেরত নেওয়া হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলম তিনজনকে সঙ্গে নিয়ে সরকারি গাড়িতে করে একটি ড্রাম ও একটি ব্যারেল নিয়ে জ্বালানি নিতে স্টেশনে যান। প্রথমে তাদের ২০০ লিটার পেট্রোল দেওয়া হয়। পরে তারা আরও ১০০ লিটার অকটেন নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। 

স্টেশন ইনচার্জের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কোনো সরকারি প্রয়োজনে জ্বালানি নেওয়া হচ্ছিল না। এরপর স্টেশন কর্তৃপক্ষ ওই জ্বালানি তা ফেরত নেয়।

দ্য ডেইলি স্টারকে ওসি বলেন, ‘তাদের কোনো জ্বালানি দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার সতর্কতা দিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত রবিউল আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

তবে ছুটিতে থাকা নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গুদাম পরিদর্শক নিরঞ্জন সরকার ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এভাবে জ্বালানি সংগ্রহ করি না। আসলে তারা ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য অফিসিয়াল রিকুইজিশন দেখিয়ে জ্বালানি নিতে গিয়েছিল। তারা যা করেছে তা ঠিক হয়নি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সেকেন্ড অফিসার রবিউলের নাম বললেও বাকি তিনজনের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।