আবারও বিরোধীদলের ওয়াকআউট, অভিযোগ ঐকমত্য ভঙ্গের

স্টার অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুমোদন নিয়ে ঐকমত্য ভঙ্গ ও আস্থা সংকটের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী জোট।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে অধিবেশন কক্ষ ত্যাগ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের সংসদ সদস্যরা।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘সংসদের বিশেষ কমিটি ও উপদেষ্টা কমিটিতে একটি বোঝাপড়া ছিল যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশই অনুমোদন করা হবে। কিন্তু আমরা অনেক বিল দেখতে পাচ্ছি না… গুম, পুলিশ কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে।’

‘বাকি অধ্যাদেশগুলোর ভাগ্যে কী আছে আমরা স্পষ্টভাবে জানতে চাই,’ বলেন তিনি।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, তারা বিশেষ কমিটির প্রতিবেদনের বাইরে যাননি। গুম এবং জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা হয়েছে।

‘আরও যাচাই-বাছাই শেষে বিলগুলো পুনরায় উপস্থাপন করা হবে,’ বলেন আইনমন্ত্রী।

এরপর বিরোধীদলীয় নেতা আবার বলেন, ‘সব অধ্যাদেশ অনুমোদন না হওয়ায় বিশেষ কমিটি ও উপদেষ্টা কমিটির ঐকমত্য ভঙ্গ হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিরবক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘চিফ হুইপ আশ্বস্ত করেছেন যে বাকি বিলগুলো পরবর্তী অধিবেশনে উত্থাপন করা হবে।’

এরপরের বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘ঐকমত্য ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ব্ল্যাকআউট করা হচ্ছে।’

এ পর্যায়ে স্পিকার বলেন, ‘মনে হচ্ছে আপনারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন। তা করার অধিকার আপনাদের আছে। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মতই প্রাধান্য পায়।’

স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবার প্রতি ন্যায়বিচার করবেন। কিন্তু আজ আমরা আপনার কাছ থেকে ন্যায়বিচার পাচ্ছি না।’

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিশেষ কমিটির সিদ্ধান্ত ও অন্যান্য বিষয় তুলে ধরেন।

এরপর বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আবার এখানে দেখা করব। তবে আজকের জন্য আমরা দুঃখ নিয়ে ওয়াকআউট করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ২৪টিসহ মোট ৯১টি বিল ইতোমধ্যে পাস হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।