শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

স্টার অনলাইন রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ বিদ্যমান আইনি ও বিচারিক কাঠামো অনুযায়ী বিবেচনা করছে ভারত।

আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

জয়সওয়াল বলেন, '(বাংলাদেশের) অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। আমরা এই ইস্যুতে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।'

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

তবে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে অনুরোধ জানায়।

এর ধারাবাহিকতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সম্প্রতি নয়াদিল্লি সফর করেন এবং এস জয়শঙ্করসহ বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানান।

আজকের ব্রিফিংয়ে মুখপাত্র জয়সওয়াল বলেন, 'আমি জোর দিয়ে বলতে চাই, (বাংলাদেশের) নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।'

তিনি জানান, দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও বাড়ানোর ক্ষেত্রে উভয়পক্ষ একমত হয়েছে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি বিনিময়ের জন্য খুব শিগগির সরকারি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।