নেত্রকোণায় জামায়াত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার পূর্বধলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আটপাড়া এলাকার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোণা-৫ আসনের এ সংসদ সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, একটি মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ফিলিং স্টেশনে গিয়ে মাগরিবের নামাজ আদায়ের জন্য নামাজকক্ষে প্রবেশ করেন তিনি। নামাজের সময় বাইরে চিৎকার ও গাড়ি ভাঙচুরের শব্দ শুনতে পান। নামাজকক্ষে উপস্থিত মুসল্লিরা দরজা বন্ধ করে তাকে সুরক্ষা দেন।

‘৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করে। একজন এমপি হিসেবেও আমি যখন নিরাপদ বোধ করি না, সাধারণ মানুষের অবস্থা তাহলে কেমন, তা সহজেই অনুমান করা যায়,’ বলেন মাছুম মোস্তফা।

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিন জাহানের গাড়িতে নিরাপদে উপজেলা জামায়াত কার্যালয়ে নেওয়া হয়।

সংসদ সদস্যের অভিযোগ, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে শতাধিক মানুষ তাকে হামলার চেষ্টা চালায়।

তবে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বাবুল বলেন, ‘মাগরিবের নামাজের পর এক জামায়াত নেতা আমাকে ফোন করেন। আমি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থলে যাই ও তাদের বের হতে সহায়তা করি।’ 

‘আমি এমপির সঙ্গে কথা বলেছি ও দুঃখ প্রকাশ করেছি। যদি কোনো বিএনপি সদস্য জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

তবে বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে ওসি দিদারুল ডেইলি স্টারকে বলেন, ‘কিছু দুর্বৃত্ত এমপির ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেছে। এমপি অভিযোগ দিতে থানায় এসেছেন। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’