রাঙ্গামাটিতে এনসিপি থেকে পদত্যাগ করা ৩৫ নেতাকর্মী যোগ দিলেন গণসংহতিতে

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ৩৫ জন নেতাকর্মী গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগ দেন।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে। একইসঙ্গে দেশের ঐতিহ্যও সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের বৃহত্তর জনগণের স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের কোনো আলাদা স্বার্থ নেই। আমরা জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাব।

এনসিপির রাঙ্গামাটি জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা বলেন, এনসিপি নিজস্ব আদর্শ থেকে বিচ্যুতি হয়ে গেছে। ওই আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কখনো কোনো মিল হয়নি। এ কারণে এনসিপি থেকে প্রায় ৩৫ নেতাকর্মী গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ শতাধিক মানুষ আজ যোগ দেন।