গাজীপুরে মা-তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও তাদের মাসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। 

আজ শনিবার ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহকর্তার তিন সন্তান, স্ত্রী ও শ্যালক। এখনো তাদের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাড়ির ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছেন।