বাড়ির আঙিনায় পড়েছিল প্রবাসী নারীর মরদেহ, স্বামী পলাতক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম বেগম (৩৮) ওই এলাকার নাসির সিকদারের স্ত্রী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী মরিয়ম দীর্ঘ প্রায় আট বছর সৌদি আরবে ছিলেন। আট দিন আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী নাসিরের সঙ্গে তার প্রায়ই কথা-কাটাকাটি হতো।
গতকাল রোববার সন্ধ্যায় মরিয়মের কাছে নাসির টাকা চাইলে তাদের মধ্যে আবারও বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর থেকে তিনি পলাতক। সকালে স্থানীয়রা বাড়ির আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।