প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান স্টেফান লিলার।
তিনি বলেন, ইউএনডিপির দৃষ্টিতে বর্তমান সংসদ প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে।
তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন সহযোগীদের ধারাবাহিক সমর্থনও কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটারন্যাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।