ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের ছেলে জিহানুল ইসলাম শাওন (২০) ও সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)।
শাওনের আত্মীয় এমরান পাটোয়ারী ডেইলি স্টারকে বলেন, গতকাল বুধবার কয়েকজন বন্ধুর সঙ্গে শাওন চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে যান। সেখানে রাত কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে তারা ফেনীর উদ্দেশে রওনা দেন।
পুলিশ জানায়, শাওন ও জিসান মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে রেজিস্ট্রেশনবিহীন একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিসান নিহত হন। গুরুতর আহত অবস্থায় শাওনকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।