গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিলেন। তারা বনভোজনে অংশ নিতে উত্তরা থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে রাজেন্দ্রপুর এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে। গুরুতর আহতদের আল হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় মহাসড়কের ওই অংশে কোনো গর্ত বা খাদ ছিল না। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।