নিষিদ্ধ বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়, আ. লীগ প্রসঙ্গে সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

একটি কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল ছিল। জন–আকাঙ্ক্ষা ও জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজ জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ মানে নিষিদ্ধ।

আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি এসব এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন প্রশ্ন হলো—একটি রাজনৈতিক দল নিষিদ্ধ, এটা জাতি কীভাবে দেখে?
জাতি নিষিদ্ধ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে, দেশ থেকে তাদের ভেগে যেতে বাধ্য করেছে।

শেখ রবিউল আলম বলেন, জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। এখন সেই জনগণ তাদের নিষিদ্ধ করেছে ও আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।

তিনি বলেন, সরকারের যত জায়গা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন, সেসব জায়গা চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে কিছু জায়গা এক একরের বেশি, সেগুলো একভাবে চিহ্নিত করা হচ্ছে। এক একরের নিচের জায়গাগুলো অন্যভাবে চিহ্নিত করা হচ্ছে।

‘তিন একরের বেশি জায়গা থাকলে, সেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তিন একরের বেশি জায়গা চিহ্নিত করে, সেখানে সোলার স্থাপন করা হবে। সেখান থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে। অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে’, বলেন সড়ক পরিবহনমন্ত্রী।