১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার
১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে। সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে, এটাই কামনা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরনের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি।'
তিনি বলেন, ‘১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে এরশাদ আমলের সংসদ সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি, রেডিওতে শুনেছি এ এলাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, দুদিন পরে দেখি অন্য লোক। সংসদে এসে দেখি অন্য লোক। ফাঁকেতালে অনেক লোক সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন।'
'এতদিন এ ধরনের আবোল-তাবোল সংসদের পর এবার সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদ। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে অনেকেই নিজ গুণে নির্বাচিত হয়েছেন, যাদের তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না,' যোগ করেন তিনি।
স্পিকার আরও বলেন, 'ভোটিং প্যাটার্ন দেখে মনে হয়েছে সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায়। অতীতে আমরা যে ধরনের সংসদ দেখেছি এবং এমপিরা যেসব কর্মকাণ্ড করেছেন, মানুষ তাতে সন্তুষ্ট ছিল না। মানুষ প্রকৃত সংসদ চায়। এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি। আমাদের জনগণকে সেবা করতে হবে।'
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, 'দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।'
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মানুষের কল্যাণে সংসদ যেন কাজ করতে পারে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, 'সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সব উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।'
ফল উৎসবে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, সালাহ উদ্দিন, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিজেএর সভাপতি হারুন জামিল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।