পুশ ইনে ব্যর্থ হয়ে সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে নয়জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন নারী ও তিন শিশুসহ ওই নয়জনকে আর সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, অন্ধকারের সুযোগে বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে গেছে।
নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়ন জানায়, গতকাল বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে বিজিবি সদস্যরা নয়জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে সীমান্তের ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে একটি স্থানে তাদের অবস্থানের তথ্য পাওয়া যায়।
বিজিবির টহল দল এরপর নিশ্চিত করে যে, ওই নয়জন আর সেখানে নেই। এতে কর্মকর্তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিএসএফ রাতে তাদের সরিয়ে নিয়েছে।
নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম গণমাধ্যমকে জানান, পরিস্থিতি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সীমান্তজুড়ে বিজিবি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।