হবিগঞ্জে বিএসএফের পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ১৯৮২ নম্বর প্রধান পিলারের ১১-এস উপপিলারের পাশে তেলিয়াপাড়া বিওপি এলাকায় পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ।
সে সময় তেলিয়াপাড়া চা বাগানের স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করেন।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দায়িত্বরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্যরেখায় অবস্থান নেয়। সে সময় তেলিয়াপাড়া চা বাগানের স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবির পাশে দাঁড়ান। পরবর্তীতে শূন্যরেখায় অবস্থান করা মানুষদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
তবে কতজনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি এই বিজিবি কর্মকর্তা।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তার প্রশ্নে আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি।’
‘বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নজরদারি করছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না,’ বলেন তানজিলুর।